অমিতাভ বচ্চন শনিবার রাতে নিজের ব্লগে একটি বার্তা লিখে অনুরাগীদের চিন্তায় ফেলে দিয়েছেন। সময়, পরিবর্তন এবং মানুষের মনোভাবের রূপান্তর নিয়ে তাঁর গভীর ভাবনা প্রকাশ পায় সেই লেখায়।
অমিতাভ লিখেছেন, ‘সময় বদলায়, পৃথিবী বদলায়… অভ্যাস, মনোভাব, সংস্কৃতি বদলায়… মানুষও বদলায়। যারা তখন ছিল, তারা এখন আর নেই… আর যারা এখন আছে, তারাও একদিন ‘তখন’-এর অংশ হয়ে যাবে।’
এই কয়েকটি লাইনের মধ্যেই মেগাস্টারের দার্শনিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। তিনি মনে করেন, সময়ের স্রোতে পরিবর্তন অবশ্যম্ভাবী, আর সেটির সঙ্গে মানিয়ে নেওয়াই জীবনের অংশ।
এরপর ব্লগে বিগ বি লেখেন, ‘‘তখন’-এর স্মৃতিগুলো আজও প্রতিধ্বনিত হয়, কিন্তু সেগুলো নিয়ে বিলাপ করার কোনও মানে নেই। সেগুলো স্মৃতি হিসাবেই থাকুক— কারণ অনুশোচনা কেবল মানসিক শক্তির অপচয়। অতীতকে শ্রদ্ধা করুন, উপভোগ করুন। কারণ তখন সেগুলো সত্যিই আনন্দদায়ক ছিল।’
অমিতাভের এই বার্তায় যেন জীবনের প্রতি তাঁর সহজ, কিন্তু গভীর দৃষ্টিভঙ্গির ছাপ স্পষ্ট। তিনি সময়ের গতিকে থামাতে চান না, বরং তা গ্রহণ করে শেখার পরামর্শ দিচ্ছেন।
নিজের লেখার শেষে অভিনেতা স্মরণ করেন বাবা, প্রখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন-এর কথা। তিনি জানান, বাবার লেখা কিছু লাইন আজও তাঁকে অনুপ্রেরণা জোগায়।
অমিতাভ লিখেছেন, ‘বহু বছর আগে লেখা হলেও, তাঁর কবিতাগুলো আজও হৃদয়ে অনুরণিত হয়। এটাই এক মহান কবির দৃষ্টি এবং গভীরতার পরিচয়। পুরনোরা পুরনো বলুন, নতুনদের কথা শুনুন… নতুনরা নতুন বলুন, পুরনোদের কথা শুনুন।’
অমিতাভের এই দার্শনিক পোস্টে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ আবার বলেছেন, বিগ বি সব সময়ই জীবনের গভীরতম সত্যকে সহজভাবে প্রকাশ করেন।